প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
টিকটক ও বিনোদনের নামে আতঙ্কের বিস্তার, খেলনা পিস্তলসহ ২ তরুণ আটক

অস্ত্র হাতে বিনোদনের নামে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নারায়ণগঞ্জে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মহড়ায় ব্যবহৃত শটগান ও এসএমজি সদৃশ দুটি প্লাস্টিকের খেলনা অস্ত্র। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দিয়ে শনিবার (২৯ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভিডিওটির নির্মাতা মোঃ লিমন তোহা (২২) ও ভিডিওতে অস্ত্র হাতে থাকা মোঃ ইয়াছিন মোল্লা (২৩)। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায়।
পুলিশ জানায়, সম্প্রতি বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নারায়ণগঞ্জ সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা হয়েছিল। ভিডিওটি নজরে আসার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় কাজ শুরু করে আইসিটি শাখার একটি টিম। তারা ভিডিওটি বিশ্লেষণ করে এর নির্মাতা ও এতে অংশ নেওয়া দুই তরুণের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানিক দল ২৮ আগস্ট রাত ১০:৩৫ মিনিটে ২ নং রেল গেট এলাকা থেকে তাদের আটক করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, আসামিরা খেলনা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সাধারণ পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিনোদনের নামে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলনা অস্ত্র হলেও এটি দিয়ে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা একটি গুরুতর অপরাধ।
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট